ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ

ফেরদৌস আলম | ২১ নভেম্বর ২০২৬, ২২:২৬

ছবি - সংগৃহীত

বাংলার মানুষের স্বাধিকার, গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়; এটি একটি ঐতিহাসিক আবেগ, দর্শন ও সংগ্রামের নাম। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি দলটির ৭৭ বছরের পথচলা কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না।

রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে যেসব রাজনৈতিক দল মানুষের মৌলিক অধিকার ও আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয়, ইতিহাসের প্রতিটি বাঁকে তাদেরই সবচেয়ে বেশি আঘাত সইতে হয়। আওয়ামী লীগের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। জন্মলগ্ন থেকেই বারবার অস্তিত্বের সংকট, সামরিক ফরমান, নিষেধাজ্ঞা, কারাবরণ এবং নেতৃত্বের শূন্যতা পেরিয়েই দলটিকে এগিয়ে যেতে হয়েছে—যেন ছাইভস্ম থেকে বারবার জেগে ওঠা এক অদম্য ফিনিক্স পাখি।
‎
‎পাকিস্তানি শাসনামল : নিষেধাজ্ঞা, কারাবরণ ও মুক্তির সনদ
‎
‎১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশভাগের পর তৎকালীন পূর্ব বাংলার মানুষের ওপর যখন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন ও রাজনৈতিক বৈষম্য চেপে বসে, তখনই মানুষের মুক্তির আকাঙ্ক্ষা থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শামসুল হকদের নেতৃত্বে এবং কারাবন্দী তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের অদম্য সাংগঠনিক শক্তিতে ‘আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের দর্শনে উদ্বুদ্ধ হয়ে দলটি সব ধর্ম ও বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়, নামকরণ হয় 'আওয়ামী লীগ'।
‎
‎প্রতিষ্ঠার পরপরই দলটিকে পাকিস্তানি জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রামে নামতে হয়। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা থেকে শুরু করে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ঐতিহাসিক বিজয়—সবখানেই ছিল শাসকগোষ্ঠীর গভীর ষড়যন্ত্র। জনগণের বিপুল ভোটে নির্বাচিত যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে মাত্র ৫৬ দিনের মাথায় ১৯৩৫ সালের ভারত শাসন আইনের ৯২-ক ধারা জারি করে ভেঙে দেওয়া হয় এবং নেতাকর্মীদের ওপর চালানো হয় নির্মম দমন-পীড়ন।
‎
‎আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর প্রথম বড় ধরনের আইনি আঘাত আসে ১৯৫৮ সালের ৭ অক্টোবর। সেদিন জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সব রাজনৈতিক ও ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেন, দলের কার্যালয় সিলগালা করা হয় এবং শীর্ষ নেতাদের কারাগারে নিক্ষেপ করা হয়। নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও দমে যায়নি এই সংগঠন দুটি। গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে, অলিগলি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মীদের ঐক্যবদ্ধ রেখে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন এবং পরবর্তীতে ১৯৬৪ সালে দল পুনরুজ্জীবিত করার মধ্য দিয়ে তারা আবারও রাজপথের মূলধারায় ফিরে আসে।
‎
‎ষাটের দশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ‘ছয় দফা’ ঘোষণা করলে পাকিস্তানি শাসকগোষ্ঠী দিশেহারা হয়ে পড়ে। বঙ্গবন্ধুকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে ১৯৬৮ সালে দায়ের করা হয় কুখ্যাত ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’। কিন্তু ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতৃত্বে ১৯৬৯-এর উত্তাল গণঅভ্যুত্থানের মুখে সামরিক জান্তা নতি স্বীকার করতে বাধ্য হয়। এরপর ১৯৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি সামরিক জান্তা ইয়াহিয়া খান কর্তৃক আওয়ামী লীগকে আবারও নিষিদ্ধ ঘোষণার পরপরই বঙ্গবন্ধুর ডাকে ও আওয়ামী লীগের নেতৃত্বে নয় মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্য দিয়েই সেদিনের সেই নিষেধাজ্ঞা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়।
‎
‎১৯৭৫-এর ১৫ আগস্ট পরবর্তী অন্ধকার সময় ও ঘুরে দাঁড়ানোর ইতিহাস
‎
‎সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশকে যখন বঙ্গবন্ধু ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলছিলেন, ঠিক তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্রান্তে জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। একই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের পরিচালনাকারী জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।
‎
‎পঁচাত্তর-পরবর্তী সামরিক শাসকেরা সামরিক ফরমান ও ‘পলিটিক্যাল পার্টিস রেগুলেশন’ (পিপিআর)-এর বেড়াজালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম দীর্ঘ সময় অবরুদ্ধ ও নিষিদ্ধ করে রাখে। শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে সংগঠন দুটিকে চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়। সামরিক শাসনের জাঁতাকল, জেল-জুলুম, নির্যাতন আর দল ভাঙার অপচেষ্টার মধ্যেও তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা গোপনে ও প্রতিকূল পরিবেশে আদর্শের পতাকা সমুন্নত রাখেন। এই চরম দুঃসময়ে ১৯৮১ সালের ১৭ মে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে দলের হাল ধরেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। তার আপসহীন নেতৃত্বে অবরুদ্ধ অবস্থা কাটিয়ে দলটি আবারও রাজপথের মূলধারায় প্রাণ ফিরে পায়। আশির দশকজুড়ে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে রক্ত দিয়ে, জেল-জুলুম সহ্য করে দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে এবং মুক্তিযুদ্ধের চেতনা ও সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে।
‎
‎২০০১-২০০৮ : গ্রেনেড হামলা, নির্যাতন ও ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র
‎
‎২০০১ সালের ষড়যন্ত্রমূলক নির্বাচনের পর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর নেমে আসে ইতিহাসের ভয়াবহতম নির্যাতন। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, পঙ্গু করা এবং মিথ্যা মামলায় জর্জরিত করা হয়। এই নির্মমতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ২০০৪ সালের ২১ আগস্ট। সেদিন ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রাষ্ট্রযন্ত্রের মদদে চালানো হয় নারকীয় গ্রেনেড হামলা, যাতে আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী শহীদ হন।
‎
‎মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তবুও দমে যায়নি। ভোট ও ভাতের অধিকার আদায়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলে দলটি। এরই ধারাবাহিকতায় ২০০৭ সালের ১১ জানুয়ারি (কুখ্যাত ওয়ান-ইলেভেন) সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করলে জরুরি অবস্থার নামে সব রাজনৈতিক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং ‘মাইনাস টু ফর্মুলা’র নামে আবারও আঘাত আসে আওয়ামী লীগের ওপর। ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও ছাত্র-জনতার তীব্র প্রতিরোধের মুখে জরুরি অবস্থা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়, ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনা মুক্তি পান এবং ওই বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে দলটি আবারও দেশ পরিচালনার দায়িত্ব নেয়। এরপর টানা দেড় দশক বাংলাদেশ অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের মহাসড়কে এগিয়ে যায়।
‎
‎২০২৪-এর ৫ আগস্ট পরবর্তী দুর্দিন ও ভবিষ্যতের প্রত্যয়
‎
‎কিন্তু স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী চক্রের ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি। ২০২৪ সালের জুলাই-আগস্টের অস্থিরতা এবং ৫ আগস্টের অনাকাঙ্ক্ষিত পটপরিবর্তনের পর বাংলাদেশ আওয়ামী লীগ আজ তার ৭৭ বছরের ইতিহাসের সবচেয়ে কঠিন ও অন্ধকার অধ্যায়ের মুখোমুখি।
‎
‎৫ আগস্ট পরবর্তী সময়ে সারাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর যে অমানবিক নির্যাতন, হত্যা, বাড়িঘর ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ এবং গণগ্রেপ্তার চালানো হচ্ছে, তা একাত্তরের বর্বরতাকেও হার মানায়। প্রিয় নেত্রী শেখ হাসিনাসহ শীর্ষ ও তৃণমূল পর্যায়ের লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়িয়ে দেশছাড়া অথবা কারাবন্দী করা হয়েছে। এমনকি অতীতের স্বৈরশাসকদের অনুকরণে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত রেখে দলটিকে রাজনীতির মাঠ থেকে মুছে ফেলার অপচেষ্টা চলছে। এক কথায়, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটি আজ চরম দুর্দিন অতিক্রম করছে।
‎
‎তবে ইতিহাসের অমোঘ শিক্ষা ও রাজনৈতিক সমাজবিজ্ঞানের চিরন্তন সত্য হলো—জনভিত্তিসম্পন্ন কোনো আদর্শিক দলকে কেবল নির্বাহী আদেশ বা নিষেধাজ্ঞা দিয়ে নিঃশেষ করা যায় না। ১৯৫৮ সালের আইয়ুব খানের সামরিক ফরমান, ১৯৭১ সালের ইয়াহিয়া খানের ঘোষণা, পঁচাত্তর-পরবর্তী সামরিক শাসকদের নিষেধাজ্ঞা কিংবা ২০০৭ সালের জরুরি অবস্থা—কোনো কিছুই আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিশ্চিহ্ন করতে পারেনি। প্রতিবারই নিষেধাজ্ঞার অন্ধকার ভেদ করে এই দুটি সংগঠন আরও শক্তিশালী হয়ে রাজনীতির মূলধারায় ফিরে এসেছে। কারণ এই দলের শিকড় বাংলার মাটির অনেক গভীরে প্রোথিত; এর প্রতিটি ইটের গাঁথুনিতে মিশে আছে লাখো শহীদের রক্ত ও ত্যাগ।
‎
‎ইতিহাসের সেই অমোঘ ধারাবাহিকতায় আজকের এই ঘোর অমানিশাও একদিন কেটে যাবে। বর্তমানের এই অগণতান্ত্রিক নিষেধাজ্ঞাও ভবিষ্যতে উঠে যাবে এবং জেল-জুলুম ও সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা আবারও ঐক্যবদ্ধ হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণমানুষের ভালোবাসাকে পুঁজি করে বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের মতোই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো আবারও মাথা উঁচু করে দাঁড়াবে এবং আবারও দেশের হাল ধরবে—ইতিহাস সেই সাক্ষ্যই দেয়।
‎
‎
‎লেখক : সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর