গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য ঘোষিত কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতির হত্যাকারীকে মনোনীত করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে। এ নিয়ে আওয়ামী পরিবারে বিরাজ করছে তীব্র অসন্তোষ। প্রায় দুই মাস আগে স্বাক্ষরিত এই কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহলের অনেকেই।
সদ্যঘোষিত কমিটির সভাপতি খাত্তাব মোল্লা একই উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম হত্যা মামলার এক নাম্বার আসামী।
জানা যায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়া একতরফা ভাবে সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে এই কমিটি প্রকাশ করেন। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গত ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন।
তাই সংগঠনের শীর্ষ একজন নেতার অজ্ঞাতসারে এ কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। পূর্বের কমিটি বিলুপ্ত না করে সম্পূর্ণ অসাংগঠনিকভাবে মনগড়া এ কমিটির বিষয়ে মোটা অংকের আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে বলে মনে করেন অনেক নেতাকর্মী।
এক্ষেত্রে জেলা সাধারণ সম্পাদকের অনুপস্থিতিকে সুযোগ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে দাবি করছেন অভিযোগকারীরা। অনেকেই অভিযোগ করেছেন স্বাক্ষর জাল করে কমিটি গঠন হয়েছে। এই কমিটির প্রতি অনাস্থা জানিয়ে একাধিক নেতা ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়ার মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: