রামেকের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৪ জুলাই ২০২১, ১৮:১৩

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন মারা গেছে। মৃত ব্যক্তিদের মধ্যে ১ জন শুধু করোনা পজিটিভ ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের ১ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। বাকি ১০ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোর, নওগাঁ ও পাবনার ১ জন করে রয়েছেন।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ৭৭ জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৬৪ জন। এখনো হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪৮৫ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯৫টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ২৮ জনের। শনাক্তের হার ২৯ দশমিক ৪৭ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর